
মোঃ শাহ কবির ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকবিরোধী অভিযানে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। এ সময় চারজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১২ জুন ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে ভোলাহাট থানার কলেজ মোড় সংলগ্ন ভোলাহাট-রহনপুর সড়কে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল বারিকের নেতৃত্বে এসআই মোঃ কামাল হোসেন, এসআই মোঃ বশির আহম্মেদ, এসআই মোঃ শাহীন আলম এবং সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন।
অভিযানকালে একটি প্রাইভেটকার (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ক-০৩-৭৮৯৪) তল্লাশি করে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে গাড়িটি জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— মোঃ শুভ (২৮), পিতা: মোঃ আনোয়ার হোসেন, গ্রাম: কলেজ মোড় সন্ন্যাসীতলা, থানা: ভোলাহাট; মোঃ মোস্তাকিম (২৮), পিতা: মৃত মানারুল ইসলাম, গ্রাম: নামো টিকরী; মোঃ ছারোয়ার জাহান (২৯), পিতা: সোদরুল ইসলাম, গ্রাম: টিকরী বাজার; এবং মোঃ ইব্রাহিম খলিল (১৭), পিতা: মোঃ ইসলাম, গ্রাম: নামো টিকরী। তাদের মধ্যে শেষ তিনজনের বাড়ি শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত প্রাইভেটকারসহ আটক ব্যক্তিদের ভোলাহাট থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনগত প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।
ভোলাহাট থানার ওসি মোঃ আব্দুল বারিক জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।