1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

মান্দায় দলীয় নেতাকর্মীদের টর্চারসেলে নিয়ে নির্যাতনের অভিযোগে এমপির বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীর সংবাদ সম্মেলন

নওগাঁ প্রতিনিধি শামীম আনসারী :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে
58

নওগাঁ প্রতিনিধি শামীম আনসারী :

দলীয় নেতাকর্মীদের তুলে নিয়ে গিয়ে নিজ বাসভবনের টর্চার সেলে নির্যাতনের অভিযোগ উঠেছে নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপুর বিরুদ্ধে। প্রতিবাদে সোমবার দুপুর আড়াইটায় নওগাঁ শহরের মুক্তির মোড়ে একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করেছে মান্দা উপজেলা বিএনপির নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী বাবুল এবং যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান।

 

লিখিত বক্তব্যে তারা অভিযোগ করে বলেন, রোববার (৫ এপ্রিল) এমপির সন্ত্রাসী বাহিনীর প্রধান ও এপিএস মোহাম্মদ আলী এবং গোল্ডেনসহ ১০-১২ জন সন্ত্রাসী মান্দা উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবুল কালাম আজদকে প্রসাদপুর বাজার এলাকা থেকে মারধরে টেনে হেচড়া করে এমপির বাসভবনে নিয়ে যায়। সেখানে এমপির বাড়ীর নিচতলায় টর্চারসেলে তাকে নির্মমভাবে নির্যাতন ও মারধর করা হয়। এরপর তাকে হুমকি দিয়ে ‘তোকে যদি মান্দা উপজেলার বিএনপি কমিটির লোকজনের সাথে কর্মসূচী পালন করতে দেখি, তাহলে তোকে প্রাণে মেরে ফেলবো’ বলে রাস্তায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে থানায় নেয়। পরবর্তী আমরা তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করাই এবং সেখানে চিকিৎসাধীন রয়েছে।

 

আরও অভিযোগ করে বলা হয়- উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদল এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং ফুলের শুভেচ্ছা জানাতে গেলে তার ওপরও হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত করা হয়। এসব ঘটনা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি ধারাবাহিক সন্ত্রাসী কার্যক্রমের অংশ। যার মাধ্যমে দলীয় ভিন্নমত দমন এবং ব্যক্তিগত আধিপত্য প্রতিষ্ঠা করা হচ্ছে।

 

বক্তারা বলেন, নির্বাচনে বিজয়ের পরপরই আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে প্রকাশ্য ও গোপন আঁতাতে লিপ্ত হয়ে তিনি দলীয় ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সম্পূর্ণভাবে উপেক্ষা করে নিজস্ব গুন্ডাবাহিনী দ্বারা নির্যাতন চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করছেন। এছাড়া পারিবারিক স্বজন প্রীতির মাধ্যমে সরকারি সুযোগ সুবিধা বন্টন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ, কৃষি ভর্তুকি, চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতি করেছেন।

চাঁদাবাজি, অবৈধ অর্থ আদায়, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও পুলিশি চাপ সৃষ্টি করে জমি ও খাসপুকুর জোর পূর্বক দখল করে নিচ্ছেন। যা দলীয় আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী এবং আমাদের জন্য চরম লজ্জাজনক।

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বিচার চেয়ে বক্তারা বলেন, এমপি ডাঃ ইকরামুল বারী টিপুর বিরুদ্ধে আনীত অভিযোগ সরকারি ও দলীয় সোর্সের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে নিরেপক্ষ তদন্ত করতে হবে। গুরুতর আহত নেতা আবুল কালাম আজাদ ও শামসুল ইসলাম বাদলের উপর হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিতের মাধ্যমে মান্দা উপজেলা বিএনপির দলীয় শৃঙ্খলা ও স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনা এখন সময়ের দাবী।

 

সংবাদ সম্মেলনে মান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার, সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদল, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, ভারশোঁ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম নবী কাবুল সহ বিএনপির প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

অভিযোগগুলোর বিষয়ে সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু বলেন- আমার বাড়িতে কোন টর্চারসেল নাই এবং কাউকে নির্যাতন করার প্রশ্নই আসে না। সংসদ চলছে। স্ত্রীসহ ঢাকাতে অবস্থান করছি।

দলতো সভাপতি ও সাধারণ সম্পাদকের দ্বারাই পরিচালিত হচ্ছে। এখন দলীয়ভাবে কেউ যদি কাউকে নির্যাতন ও নিপীড়ন করে এবং বিশৃঙ্খল হয়ে থাকে তাহলে দলীয়ভাবে তারাই দ্বায়ী। তার দায়তো আমার না। এছাড়া আমার ব্যক্তিগত কোন লোকজন বা আত্মীয়স্বজন কেউ যদি কোথাও চাঁদাবাজী, টেন্ডারবাজী, লুটপাট ও দখলবাজী করে থাকে তার প্রমাণ দিতে পারলে আমি এমপি পদ ছেড়ে দিবো।#

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট