শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

মহাদেবপুর চলাচলের রাস্তায় বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরী; ৮ পরিবার চলাচলে দূর্ভোগ

  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে
162

নওগাঁ শামীম আনসারী নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুর উপজেলায় চলাচলের রাস্তায় বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরী করার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। গত শুক্রবার (২৯ মে) সকালে রাস্তায় বাঁশের বেড়া দেওয়ার ফলে আটটি পরিবারের অন্তত ৫০ জন মানুষের চলাচল অসুবিধার মধ্যে পড়তে হয়েছে। উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের উত্তরগ্রাম সাহাপাড়ায় এ সমস্যা হয়েছে।

এ বিষয়ে প্রতিকার পেতে ভুক্তভোগী মাহফুজুল হক থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ করার দুইদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সমাধান হয়নি।

স্থানীয় ও ভূক্তভোগী পরিবার সূত্রে জানা যায়- সাহাপাড়ার মুল রাস্তার পাশে চার ভাই নজরুল ইসলাম, আজিজুল ইসলাম, ফয়জুল ইসলাম ও রাসেদুল ইসলামের বাড়ি। জমির দাগ নম্বর ৬৭৬ ও ৬৭৭। তাদের বাড়ির পূর্ব পাশ দিয়ে প্রায় ১০০ ফুট দৈর্ঘ্যের রাস্তার শেষে মাহফুজুল হকসহ আটটি পরিবারের বসবাস। নজরুল ইসলাম গংদের জমির ওপর দিয়ে প্রায় শত বছর ধরে এসব পরিবার চলাচল করত। তাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ভ্যানগাড়ীতে করে বাজারজাত করত। এছাড়া এ রাস্তা দিয়ে এলাকাবাসীরা সরকুড়ি ফসলি মাঠে যাতায়াত করে।

হঠাৎ করে গত শুক্রবার সকালে চলাচলের ওই রাস্তাসহ জমির শেষ অংশে বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করেছে তারা। তবে জমির শেষ প্রান্তে দিয়ে চলাচলের জন্য সামান্য জায়গা দিয়েছে যা মানুষ চলাচল করতে কষ্টসাধ্য। পুকুর থাকায় ‍বৃষ্টি হলে যেকোন সময় ওই অংশটুকুও ধ্বসে যাবে।

ভুক্তভোগী রেজাউল ইসলাম বলেন, প্রায় শত বছর থেকে আমরা এ রাস্তাটি দিয়ে চলাচল করি। হঠাৎ করে নজরুল ইসলাম গংরা দুইদিন আগে সকালে বাঁশের বেড়া দিয়ে রাস্তাটি বন্ধ করে দেয়। তারপর থেকে আমরা চলাচলে সমস্যায় পড়েছি।

ভুক্তভোগী অভিযোগকারী মাহফুজুল হক বলেন- নজরুল ইসলামের জমির ওপর দিয়ে যে রাস্তা আছে আমরা দীর্ঘবছর থেকে সেখান দিয়ে চলাচল করে আসছি। তিনি তার জমির ওপর দিয়ে রাস্তা দিবে না এমন সিদ্ধান্ত আমাদের জানানো হয়নি। অথচ আমাদের জমির ওপর দিয়ে গ্রামে প্রবেশের যে রাস্তাটি আছে গ্রামের সবাই চলাচল করে। এখন আমাদের দূর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তা না থাকলে ভ্যানগাড়ি সহ অন্য যানবাহনও বাড়িতে যেতে পারবে না। আমরা দ্রুত এর সমাধান চাই।

অভিযোগের বিষয়ে জমির মালিক নজরুল ইসলাম বলেন- আমার বাড়ির পূর্বপাশ দিয়ে মাহফুজুল হক সহ কয়েকটি পরিবার দীর্ঘদিন চলাচল করতো। যেহেতু আমাদের জমি কম এজন্য একপাশে রাস্তা দিতে চেয়েছি। এ বিষয়ে সবাই বসে একটা সিদ্ধান্তও হয়েছে। সিদ্ধান্ত মোতাবেক দেড়মাস আগে বাড়ির পশ্চিম পাশে জমির ওপর দিয়ে প্রায় ৭০ফুট দৈর্ঘ্যের রাস্তা দিয়েছি এবং ২০টি পরিবার ওই রাস্তাটি তৈরি করে নিয়েছে। এজন্য পুরাতন রাস্তাটি বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছি। তবে মানুষ চলাচল করতে পারবে এমন পথ আছে। কিন্তু এখন তারা আমার বিরুদ্ধে থানা পুলিশের কাছে দৌঁড়াচ্ছে।

উত্তরগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসান আলী বলেন, বিষয়টি অবগত আছি। এক ব্যক্তির জমির ওপর দিয়ে কেউ দুই পাশে রাস্তা দিবে না। তবে বিষয়টি নিয়ে দুই পক্ষকে নিয়ে বসে সিদ্ধান্ত নেয়া হবে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন- সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ বসে বিষয়টি দ্রুত সমাধান করা হবে।#

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews