চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে ড্রেন নির্মাণের সময় পাশের একটি বাড়ির দেওয়াল ধসে নাইরুল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
রোববার (৮ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ঢাকা বাসস্ট্যান্ড সংলগ্ন কোর্টপাড়া মহল্লায় কে এম শাহাবুদ্দিনের বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাইরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের বেগুলা গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পৌরসভার ড্রেন নির্মাণকাজে শ্রমিক হিসেবে কাজ করছিলেন নাইরুল ইসলাম। এ সময় ড্রেনের পাশের একটি বাড়ির দেওয়াল হঠাৎ ধসে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, ড্রেন নির্মাণের সময় দেওয়াল ধসে চাপা পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।