নিতু চৌধুরী শ্রীপুর প্রতিনিধি
গাজীপুর সদর উপজেলাধীন নয়নপুরে অবস্থিত ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ, কচি-কাঁচা একাডেমি এবং নয়নপুর এন এস আদর্শ বিদ্যালয়ের উদ্যোগে উদযাপন করা হয় ফল উৎসব- ২০২৬। ‘নিয়মিত খেলে ফল, দেহ মনে বাড়বে বল’ এই স্লোগানকে সামনে রেখে নানান প্রজাতির দেশি ফলের সাথে পরিচয় ও ফলের বিভিন্ন উপকারিতা শিক্ষার্থীদের জানানোর উদ্দেশ্যে সপ্তমবারের মতো উদযাপিত হলো এই ফল উৎসব। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে যখন জনজীবন অতিষ্ঠ, ঠিক তখনই প্রশান্তি ও সুখের পরশ নিয়ে প্রকৃতিতে হাজির হয় মধুমাস জ্যৈষ্ঠ। এ সময় বাহারি রং-বেরঙের মিষ্টি ও সুস্বাদু ফল পাওয়া যায়। দেশি নানান প্রজাতির ফলে সুশোভিত হয় চারিদিক। সব ফলের মধ্যেই পানির পরিমাণ বেশি থাকে। সেই কারণে গরমের সময় শরীরের পানিশূন্যতা পূরণে ফল দারুণভাবে সহায়তা করে। ফলের মধ্যে প্রচুর খাদ্যশক্তি থাকে, যা শরীরের ভেতর থেকে ক্ষতিকর চর্বি বের করে দেয়, তাই ফল সবার জন্য ভীষণ উপকারী। পুষ্টি ও খাদ্যমানের দিক থেকেও সব ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং খনিজ পদার্থ থাকে। সকালে গাজীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো. নূরুল করিম ভূঁইয়ার পক্ষ থেকে ফল উৎসবের শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব এম.রকিবুল হাসান। এসময় উপস্থিত ছিলেন ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির সভাপতি জনাব মো. শওকত সিদ্দিকী, সদস্য সচিব ও প্রধান নির্বাহী জনাব হায়দার সিদ্দিকী উদয়, প্রতিষ্ঠান প্রধানগণ ও শিক্ষকবৃন্দ।এছাড়াও ইকবাল সিদ্দিকী কলেজ ভবনে ফল উৎসবের শুভ উদ্বোধন করেন প্রহলাদপুর স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও ঢাকা ব্যাংকের (পিএলসি) পরিচালক জনাব আতিক উল্লাহ বাবুল। উৎসবে আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, কলা, জামরুল, ডেউয়া, ডেফল, করমচা, তেঁতুল, লটকন, আনারস, পেঁপে, আঁখ, তাল, বেল, লেবু, খেজুর, বাঙ্গি, জাম্বুরা, অরবরই, আঙুর, ডাব, ডালিম, কামরাঙা, সফেদা, কমলা, মালটা, আপেল, দাতই, বিলম্ব, আঁতা, চালতা, গাব, চেরি, কাঠ বাদাম, ফেলা ফল, চাম্বল কাঁঠাল, কদবেল, আমড়া, আমলকি, জলপাই, হরতকি, তরমুজ, বরই ও ড্রাগন ফলসহ নানা রকমের ফল প্রদর্শনীর পাশাপাশি শিক্ষার্থীদের ফল কেটে খাওয়ানো হয়।বর্ণিল এই আয়োজনে অনুষ্ঠান সভাপতি ও সোসাইটির সভাপতি জনাব মো. শওকত সিদ্দিকী শিক্ষার্থীদের দেশি ফল খাওয়ার ব্যাপারে উৎসাহিত করে বলেন,“ দেশীয় ও মৌসুমী ফলে রয়েছে উপকারী পুষ্টিগুন ও রোগ প্রতিরোধ ক্ষমতা। তাই শিক্ষার্থীদের প্রচুর দেশীয় ও মৌসুমী ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে ।"